banglahour

মাজার জিয়ারতে আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ দিন আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৯:১৫ অপরাহ্ন

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার এক দিনের সফরে সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরে তিনি সিলেটের ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।


রাষ্ট্রপতি সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজারে গিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে দুই মাজার এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

 


সিলেট নগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার এলাকায়ও থাকবে বাড়তি নিরাপত্তা।


সফরের অংশ হিসেবে বিকেলে সিলেট নগর ভবনে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও সুধীজন উপস্থিত থাকবেন। সংবর্ধনা উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে।


রাষ্ট্রপতির সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে দলীয় নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।


এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। তবে গণহারে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।


রাষ্ট্রপতির এক দিনের সিলেট সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল