
(১ মাস আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:৩৫ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা। আজ সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।
পলাতক রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে।
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আটকের খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। মানুষের এই ভিড়ের সুযোগ নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তিনি কৌশলে হ্যান্ডকাপসহ পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।