banglahour

কটিয়াদীতে স্কুলে মিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ মাস আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২:২৪ অপরাহ্ন


কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে আবারও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই রুটিতে কালো আস্তরণ ও দুর্গন্ধ দেখা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের পর নষ্ট রুটিগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হলেও খাবারের মান ও সরবরাহ ব্যবস্থার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১৪ই সেপ্টেম্বর ) উপজেলার মসুয়া ইউনিয়নের ৫২নং চরআলগী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।খাবার হাতে পাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী রুটিতে কালো আস্তরণ ও  রুটি থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ করে। বিষয়টি জানাজানি হলে নষ্ট রুটিগুলো ফেরত নেওয়া হয়।


বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জানায়,মিড-ডে মিল দেওয়া হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম।কিন্তু আজকের রুটিতে এত দুর্গন্ধ ছিল যে আমরা কেউ খেতে পারিনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো পড়াশোনা করা সম্ভব না।আমরা চাই সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেওয়া হোক।


অভিভাবক শাহ পরানসহ কয়েকজন  অভিযোগ করে বলেন, সরকারি উদ্যোগে শিশুদের জন্য খাবার সরবরাহ করা হলেও এর মান ও সংরক্ষণ ব্যবস্থা যথাযথভাবে তদারকি করা হচ্ছে না। রুটির প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ ১৪ সেপ্টেম্বর উল্লেখ থাকলেও ১৩ সেপ্টেম্বর বিতরণের সময়ই রুটিতে কালো আস্তরণ ও দুর্গন্ধ পাওয়া গেছে।

তারা বলেন, খাবার সংরক্ষণ কিংবা সরবরাহের কোনো পর্যায়ে গাফিলতি হয়েছে কিনা, তা তদন্ত করা প্রয়োজন। শিশুদের জন্য সরবরাহ করা খাবারে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষার্থীর মা মোছা.স্বপ্না আক্তার অভিযোগ করে বলেন, প্রায়ই বিদ্যালয়ে শিশুদের কাঁচা কলা,দুর্গন্ধযুক্ত রুটি,কম সিদ্ধ ও নষ্ট ডিম দেওয়া হয়। বিষয়টি শিক্ষকদের জানানো হলেও তারা এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, রোববার শিক্ষার্থীদের খাবার দেওয়ার সময় তিনি বিদ্যালয়ের কাজে উপজেলা সদরে ছিলেন। পরে বিদ্যালয়ের দপ্তরির কাছ থেকে বিষয়টি জানতে পারেন। শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের পর কিছু রুটি নষ্ট ও দুর্গন্ধযুক্ত দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সেগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নেওয়া হয়। খাবার বিতরণের পর বিষয়টি নজরে আসে। পরে নষ্ট রুটিগুলো সংগ্রহ করে ফেরত দেওয়া হয়েছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, ৫২ নম্বর চরআলগী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নষ্ট রুটি দেওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। যারা খাবার সরবরাহ করে, তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ জানান,  বিষয়টি তিনি ইতোমধ্যে জেনেছেন। শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল