
(১ মাস আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২:২৯ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকার।
তিনি (সোমবার) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের জানান, গণমাধ্যমে প্রকাশিত মৃত্যুর তালিকা প্রশাসন যাচাই করে দেখেছে, মৃতদের তালিকায় থাকা একজন ব্যক্তি জীবিত আছেন। আরও দুজন স্বাভাবিক মৃত্যু হয়েছে। হাসপাতালে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি ও আতঙ্কে কয়েকজন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, জরুরি বিভাগ, ফায়ার সার্ভিস থেকে সকল তথ্য যাচাই করে পদদলিত হয়ে কেউ মারা যাওয়ার কোন প্রমান মিলেনি। তবে দুইজনের মৃত্যুর কারন এখনও জানা যায়নি। তদন্ত করে তা বের করা হবে।
এরআগে গতকাল (সোমবার) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে অতিরিক্ত তাপের কারনে আগুনের সুত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানিয়েছেন। তবে মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. গোলাম রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ রয়েছে। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী ।