
(১ ঘন্টা আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৩ অপরাহ্ন
কঙ্গনা রানাওয়াত এবং বিতর্ক যেন একে অন্যের পরিপূরক। কখনও সহকর্মীর সঙ্গে মতবিরোধ, কখনও রাজনৈতিক মন্তব্য কঙ্গনার বক্তব্যকে কেন্দ্র করে প্রায়ই উত্তাপ ছড়ায়। এ বার সেই তালিকায় ফের রাখি সাওয়ান্ত। সম্প্রতি, রাখির মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তাকে একহাত নিলেন কঙ্গনা। রাখিকে ‘অসফল’ এবং ‘তিক্ত’ বলেই থামেননি, সফল মহিলাদের বার বার নিশানা করার প্রবণতা নিয়েও সরব হয়েছেন অভিনেত্রী-সাংসদ।
সম্প্রতি কঙ্গনা, স্মৃতি ইরানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন রাখি। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। এ বার রাখির নাম করেই কঙ্গনার কটাক্ষ, নিজেদের ব্যর্থতা, ঈর্ষা এবং অহঙ্কার সামলাতেই অনেকে সফল মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা লেখেন, “শুধু রাখি নন, অনেক ‘অসফল এবং তিক্ত’ মানুষই সফল মহিলাদের চরিত্রহনন করে নিজেদের ঈর্ষা এবং ব্যর্থতাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন।” তার বার্তা, এ ধরনের আক্রমণে আহত হয়ে বার বার নিজের অবস্থান ব্যাখ্যা করারও প্রয়োজন নেই। বরং সেই কটাক্ষকে উপেক্ষা করাই উচিত।
এর পরেই আরও ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন কঙ্গনা। রাখির উদ্দেশে তার কটাক্ষ, “সাফল্যের জন্য যা খুশি করতে রাজি থাকলেও বিশেষ লাভ হয়নি। ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার।”
কঙ্গনা-রাখির এই বাগ্যুদ্ধ অবশ্য নতুন নয়। এর আগেও কঙ্গনার রাজনৈতিক অবস্থান নিয়ে সরব হয়েছিলেন রাখি। কঙ্গনাকে ‘গাটার মাউথ’ বলেও আক্রমণ করেছিলেন তিনি। পাল্টা জবাব দিতে গিয়ে সেই সময় কঙ্গনা বলেছিলেন, যারা তার সাফল্যের এক শতাংশও অর্জন করতে পারেননি, তাদের মতামত শোনার প্রয়োজন বোধ করেন না তিনি।
কঙ্গনার ‘সস্তা কপি’ বলে কটাক্ষ করায় জবাব দিয়েছিলেন! কিন্তু আজ তার নিশানায় শুধু রাখি ছিলেন না। অভিনেতা আশুতোষ রানা, সোনু সুদ এবং তাপসী পন্নুর মন্তব্যেরও কড়া জবাব দিয়েছিলেন কঙ্গনা। তার অভিযোগ ছিল, বার বার তাকে আক্রমণ করে কেউ কেউ সংবাদমাধ্যমের নজরে আসতে চান। এ বার রাখির মন্তব্য ঘিরে সেই পুরনো বিরোধ যেন নতুন মোড় নিল।
সুত্রঃ আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।