
(১ ঘন্টা আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২:৩৪ অপরাহ্ন
কিশোরগঞ্জে ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন বেকারি মালিকরা। আজ মঙ্গলবার দুপুরে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় জেলার শতাধিক ক্ষুদ্র বেকারি প্রতিষ্ঠান সংকটে পড়েছে। বড় কোম্পানির সঙ্গে অসম প্রতিযোগিতায় অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে কয়েক হাজার শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সময় কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের বিল শিল্পহারে নির্ধারণ, সহজ শর্তে স্বল্প সুদে ঋণ, বিএসটিআই লাইসেন্স প্রক্রিয়া সহজ ও হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বেকারি মালিকরা।
মানববন্ধনে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ, সহ-সভাপতি মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।