
(১ দিন আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩:৫১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে একই শ্রেণির চার ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকরা জানান, ভয় ও আতঙ্কজনিত কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট দেখা দিলে একপর্যায়ে সে নিস্তেজ হয়ে যায়। পরে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়।
এরপর ক্লাস পুনরায় শুরু হলে একই শ্রেণির আরও তিন ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অভিভাবকদের ডেকে অসুস্থ তিন ছাত্রীকে বাড়িতে পাঠানো হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, চার ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, অসুস্থ এক ছাত্রীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
তিনি বলেন, এটি ম্যাস সাইকোজেনিক ইলনেস (গণ-মনোজাত অসুস্থতা) হতে পারে। সাধারণত তীব্র মানসিক চাপ, ভয় বা আতঙ্ক থেকে এমন উপসর্গ দেখা দিতে পারে। একজন অসুস্থ হওয়ার পর তাকে দেখে আতঙ্কিত হয়ে অন্যদের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।