banglahour

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ, চ্যাম্পিয়ন নিউ শাপলা

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮:৫২ অপরাহ্ন

 

গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে রাজবাড়ীর কালুখালীতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার সমাপ্তি হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাটসংলগ্ন পদ্মা নদীতে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় পাবনার আমিনপুরের চর গোবিন্দপুর নৌকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সৈয়দপুরের নিউ শাপলা নৌকা।

প্রতিযোগিতায় চর গোবিন্দপুর নৌকা দ্বিতীয় এবং খয়রান একতা চ্যালেঞ্জার তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী ও স্থান অর্জনকারী নৌকার দলগুলোর মধ্যে মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পদ্মার তীরে দেখা যায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। কালুখালীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ নৌকাবাইচ উপভোগ করতে মহেন্দ্রপুরে জড়ো হন। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসে গ্রামীণ মেলাও।

কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচের অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান তোতা ও মো. জামাল খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন এবং কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নৌকাবাইচের ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

নিউ শাপলার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় কালুখালীর তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল