
(২ ঘন্টা আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩৬ অপরাহ্ন
সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া দীপাঞ্জন ঘোষ শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং—সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্রিটানিয়া সুইমিংপুলের মালিকপক্ষ । নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার পর তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ ।
ব্রিটানিয়া সুইমিংপুলের মালিকপক্ষ কামরুন্নেছা খানম শোভা মতিন ও উনার ছেলে তানভীর আহমদ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
কামরুন্নেছা খানম শোভা মতিন বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। পানিতে ডুবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই সাঁতার শেখানোর উদ্দেশ্যে সুইমিংপুলটি চালু করা হয়েছিল। এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক ছোট বড় ছেলে মেয়ে নারী পুরুষকে সাঁতার শিখানো হয়েছে
পাশাপাশি এর আয়ের একটি অংশ অসহায় মানুষের সহযোগিতা এবং বেকারদের কর্মসংস্থানে ব্যয় করা হয়।
তিনি আরও জানান, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের সহযোগিতা, মসজিদ-মাদ্রাসা নির্মাণ, হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণ এবং ঘর নির্মাণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দীপাঞ্জন ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।