banglahour

জলবায়ু ন্যায়বিচার ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৭ ঘন্টা আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭:০৩ অপরাহ্ন

জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত ও ন্যায্য অর্থায়নে জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’-এর অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন কপ-৩১ (COP31)-এর প্রাক্কালে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।

মানববন্ধনে কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবি জানানো হয়। একই সঙ্গে কলাপাড়ায় থাকা কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র দুটির অভ্যন্তরে থাকা বিপুল পরিমাণ খালি জায়গায় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই কয়লা দূষণ বন্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সরকার ও জনগণকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। পরিবেশ দূষণ কমাতে কয়লাভিত্তিক জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানির প্রসার জরুরি।

মানববন্ধন থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও অর্থায়ন কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল