
(৩ ঘন্টা আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৯:৪৪ অপরাহ্ন
রাজবাড়ীর কালুখালীতে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার এবং ভুয়া ডাক্তার সেজে আল্ট্রাসনোগ্রাফি করার অপরাধে ‘সালেহা সামাদ হেলথ সার্ভিসেস’ নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩ ঘটিকায় কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সালেহা সামাদ হেলথ সার্ভিসেস নামক ডায়াগনস্টিক সেন্টারটির মালিক আবু হোসেন কোনো স্বীকৃত এমবিবিএস ডিগ্রি ছাড়াই বেআইনিভাবে নিজের নামের পূর্বে ‘ডাঃ’ পদবি ব্যবহার করে আসছিলেন। শুধু তা-ই নয়, তিনি নিয়ম বহির্ভূতভাবে নিজেই রোগীদের আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করে আসছিলেন। এছাড়া অভিযানের সময় প্রতিষ্ঠানটির ল্যাবরেটরিতে নষ্ট ফ্রিজ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট (পরীক্ষার রাসায়নিক উপাদান) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধ ও সার্বিক বিষয় বিবেচনা করে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ অভিযুক্ত আবু হোসেনকে জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন।
অভিযানে উপস্থিত কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন বলেন, "এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া অন্য কেউ আল্ট্রাসনোগ্রাফি করতে পারবেন না।" পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ডায়াগনস্টিক সেন্টারের সকল সমস্যার সমাধান করে লাইসেন্স হালনাগাদ করার চূড়ান্ত নির্দেশ প্রদান করেন তিনি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কালুখালী উপজেলার কোথাও যদি এ ধরনের প্রতারণা ও অবৈধ চিকিৎসা ব্যবসা পরিচালিত হয়, তবে অবিলম্বে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।