
(৬ ঘন্টা আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৯:৪৪ পূর্বাহ্ন
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই সপ্নের নায়ক।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেছে সালমান শাহর জীবন। তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে তিনি আজও অমলিন।
সালমান শাহ মৃত্যু হয়েছে আজ থেকে ৩০ বছর আগে। কিন্তু তার জনপ্রিয়তায় শুরু থেকে এখন পর্যন্ত এতটুকুও কমেনি।
মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন। প্রত্যেকটি ছবিতে সালমান আজও জীবন্ত হয়ে আছেন। অল্প সময়েই তিনি হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের এমন এক তারকা, যার প্রভাব তাঁর মৃত্যুর পরও টিকে আছে।
পর্দায় সালমানের অভিনয়, পোশাক, চুলের স্টাইল কিংবা ব্যক্তিত্ব, সবকিছুই একসময় তরুণদের কাছে হয়ে উঠেছিল অনুসরণীয়। তাই সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে এক আবেগের নাম।
সালমান অভিনয়ের মাধ্যমে সবার মনে দাগ কেটে গেছেন। যে দাগ তার চলে যাওয়ার পরও অমলিন। তার অকাল প্রয়ান আজও পোড়ায়, তার স্মৃতি আজও হৃদয়ে রক্তক্ষরণ হয়।
সালমান শাহ নিঃসন্দেহে ৯০ দশকের সেরা নায়ক। বাংলা চলচ্চিত্র জগৎ যতদিন থাকবে সালমান শাহ ততদিন রয়ে যাবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে।