
(৩ ঘন্টা আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১:০৮ অপরাহ্ন
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ সুন্দর বিবি (৫৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গতকাল ১৮ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখার দুটি পৃথক টিম মহাদেবপুর ও সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায়, বিকেল ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক টিম মহাদেবপুর থানাধীন ডিম জাওন গ্রামে অভিযান চালায়। সেখানে স্থানীয় জিল্লুর রহমানের বাড়ির পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করা এক নারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে নারী পুলিশ সদস্য দ্বারা তার দেহ তল্লাশি করা হলে, তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করার ব্যাগ থেকে নীল পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম সুন্দর বিবি (৫৬)। তিনি মহাদেবপুর উপজেলার ডিম জাওন গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওই নারীর বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।