
(১ দিন আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৯:৪৭ অপরাহ্ন
চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনালে ঢাকা সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ওই বাসের যাত্রী কর্মকাণ্ড নিষিদ্ধ আ.লীগ নেতা ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে (৫৭) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও ঢাকা হেডকোয়ার্টারের বিশেষ যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ভাই ভাই হোটেলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-২৪১০) বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসের যাত্রী দেলোয়ার হোসেনের দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা লাল রঙের সিনথেটিকের ব্যাগ থেকে ২ হাজার ৬৫০টি অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন কর্মকাণ্ড নিষিদ্ধ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের উত্তরপাড়ার মরহুম ইসমাইল হোসেনের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম ও ঢাকা হেডকোয়ার্টারের সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার সময় মামলা রুজু হওয়ার পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।