banglahour

কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন সদর মডেল থানা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ দিন আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১:৩৩ পূর্বাহ্ন


‘খেলাধুলায় সম্পৃক্ততা, সমাজে সম্প্রীতি ও অপরাধমুক্ত পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নাচোল থানাকে ৫৬-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। নাচোল থানা রানারআপ হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা (পুরাতন) স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ২৮ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে সদর মডেল থানা।

জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, মো. একরামুল হক, ইয়াসির আরাফাত, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, খেলোয়াড় ও দর্শনার্থীরা।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বাড়ানো, তরুণদের মাঠমুখী করা এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ঐতিহ্যবাহী কাবাডিকে জনপ্রিয় করার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল