banglahour

আফ্রিকার সম্ভাবনাকে কাজে লাগাতে নিজস্ব বিনিয়োগ ও শিল্পায়নের আহ্বান আফ্রিকান ইউনিয়ন প্রধানের

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ দিন আগে) ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬:৫৬ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (ইউএনজিএ-৮১) ফাঁকে অনুষ্ঠিত গ্লোবাল আফ্রিকা বিজনেস ইনিশিয়েটিভের (গ্যাবি) উচ্চপর্যায়ের অনুষ্ঠান “আনস্টপেবল আফ্রিকা ২০২৬: পাওয়ারিং বিজনেস, স্কেলিং ইকোনমিস, শেইপিং দ্য ফিউচার”-এ আফ্রিকান ইউনিয়ন (এইউ) কমিশনের চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ আফ্রিকার অর্থনৈতিক রূপান্তরে নিজস্ব বিনিয়োগ, শিল্পায়ন ও আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে মূল বক্তব্য প্রদান করেন ইউসুফ। তিনি বলেন, বিপুল প্রাকৃতিক সম্পদ, তরুণ জনগোষ্ঠী এবং ১৫০ কোটিরও বেশি মানুষের বাজার আফ্রিকাকে অসাধারণ সম্ভাবনার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে কাঁচামাল রপ্তানিনির্ভরতা থেকে বেরিয়ে এসে শক্তিশালী আফ্রিকান মূল্যশৃঙ্খল গড়ে তুলতে হবে।


তিনি বলেন, আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার (AfCFTA) মাধ্যমে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা গুরুত্বপূর্ণ হলেও তা যথেষ্ট নয়। আফ্রিকাকে বাজারে প্রবেশাধিকার থেকে বাজার-ক্ষমতায়, বিচ্ছিন্ন বাণিজ্য কেন্দ্র থেকে সমন্বিত মহাদেশীয় বাজারে এবং কাঁচামাল রপ্তানি থেকে মহাদেশের ভেতরেই মূল্য সংযোজনের দিকে এগিয়ে যেতে হবে।


ইউসুফ আরও বলেন, এই রূপান্তরের জন্য সাশ্রয়ী ও পর্যাপ্ত জ্বালানি, মানসম্মত অবকাঠামো, দক্ষ জনশক্তি, প্রযুক্তি, পুঁজি এবং কার্যকর মান ও সনদব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে সঞ্চয়, ব্যাংক আমানত, বীমা ও পেনশন তহবিলসহ আফ্রিকার নিজস্ব আর্থিক সম্পদকে উৎপাদনশীল খাতে বিনিয়োগে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আঞ্চলিক ও মহাদেশীয় করিডোর উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ, সুশাসন এবং কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা বিনিয়োগ ও উন্নয়নের মৌলিক পূর্বশর্ত। এ লক্ষ্যে সংঘাত প্রতিরোধ, মধ্যস্থতা, শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত-পরবর্তী পুনর্গঠনে সংস্কার এগিয়ে নিচ্ছে আফ্রিকান ইউনিয়ন।


বক্তব্যের শেষে তিনি বলেন, “বার্তাটি স্পষ্ট—আফ্রিকাকে আফ্রিকার জন্য বিনিয়োগ করতে হবে।” একই সঙ্গে সমৃদ্ধ, সমন্বিত ও আত্মনির্ভর আফ্রিকা গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, বিনিয়োগকারী ও উদ্ভাবকেরা অংশ নেন। সেখানে আফ্রিকার অর্থনৈতিক সম্ভাবনা, নতুন বিনিয়োগ উদ্যোগ এবং মহাদেশের ভেতরে সম্পদ ও মূল্য সংযোজন ধরে রাখতে অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল