
(১ ঘন্টা আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:১৬ অপরাহ্ন
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভাগীয় জেলা ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ (মঙ্গলবার) দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ে সমাবেশ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ ৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন সহ অন্যান্যরা।
পরে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।