
(১ দিন আগে) ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:৪০ অপরাহ্ন
ময়মনসিংহ সদরের বেজ মার্কেটিং-এর আওতাধীন নগদ উদ্যোক্তাদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে। আজ (মঙ্গলবার) দিনব্যপি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে নগদ সেবা পরিচালনা, গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং সন্দেহজনক লেনদেন প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং প্রতিরোধে উদ্যোক্তাদের করণীয় বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোনো উদ্যোক্তার মাধ্যমে অনলাইন জুয়া বা প্রতারণামূলক কর্মকাণ্ডে অর্থ লেনদেন, সন্দেহজনক লেনদেন কিংবা অবৈধ অর্থ স্থানান্তরের সুযোগ যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।
এ সময় উদ্যোক্তাদের নিজস্ব ওয়ালেট অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ব্যবহার করতে না দেওয়া, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যথাযথভাবে যাচাই করা এবং অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে আরও বলা হয়, অনলাইন জুয়া, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের মতো কর্মকাণ্ডে কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহৃত হলে তা প্রতিষ্ঠানের নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। তাই প্রত্যেক উদ্যোক্তাকে নিজ নিজ ওয়ালেটের নিরাপত্তা ও ব্যবহার সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া উদ্যোক্তাদের গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ, সঠিক তথ্য প্রদান এবং নগদ-এর নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে লেনদেন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে নিয়মিত সচেতন থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদরের বেজ মার্কেটিং-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, কোম্পানির প্রতিনিধি ও বেজ মার্কেটিং এর আওতাধীন নগদ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।