
(১ দিন আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৩৮ পূর্বাহ্ন
মঙ্গলবার ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে মুখার্জি পরিবারে।
মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুর পবন হংস শ্মশানে কৃষ্ণা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে রানি মুখার্জি ও তাঁর পরিবারের পাশে এসে দাঁড়ান বলিউডের একাধিক তারকা।
কৃষ্ণা মুখার্জির শেষকৃত্যে দেখা যায় শাহরুখ খান ও গৌরী খানকে। রানি মুখার্জির সঙ্গে শাহরুখের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং একাধিক ছবিতে তাঁদের একসঙ্গে কাজের কথা সকলেরই জানা। স্ত্রী গৌরীকে সঙ্গে নিয়ে শেষ শ্রদ্ধা জানাতে আসেন শাহরুখ। তাঁদের উপস্থিতি রানি ও তাঁর পরিবারের প্রতি সমর্থনের বার্তা বহন করেছে।
শুধু শাহরুখ নন,কৃষ্ণা মুখার্জির শেষকৃত্যে উপস্থিত ছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহরও। রানি মুখার্জির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত করণ।
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকেও দেখা যায় কৃষ্ণা মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে। এছাড়াও অনিল কাপুর, ফারহান আখতার, অয়ন মুখোপাধ্যায়, জোয়া আখতার, আশুতোষ গোয়ারিকর, ভাই তথা প্রযোজক অপূর্ব মেহতা এবং আরও বেশ কয়েকজন তারকাও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
কৃষ্ণা মুখার্জি নিজেও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন সংগীতশিল্পী। ১৯৮২ সালের মুক্তি পাওয়া "তিসরি আঁখ"- সিনেমার "ঈদ কে দিন গলে মিল লে রাজা" গানটির জন্য তিনি বেশ পরিচিত ছিলেন। তাঁর স্বামী রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র নির্মাতা এবং মুম্বাইয়ের ফিল্মালয় স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা।
মেয়ের ক্যারিয়ারেও কৃষ্ণা মুখার্জির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রানি প্রকাশ্যে বলেছেন, অভিনয় জগতে পা রাখার ক্ষেত্রে তাঁর মায়ের উৎসাহ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ১৮ বছর বয়সে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার জন্য রানিকে উৎসাহ দিয়েছিলেন কৃষ্ণা।
এদিকে কৃষ্ণা মুখর্জির মৃত্যুর কারণ এখনও পরিবারিকভাবে জানানো হয়নি। যশ রাজ ফিল্মস থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের এই কঠিন সময়ে সবাইকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
সূত্র: আজকাল অবলম্বনে।