
(৯ ঘন্টা আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৯ অপরাহ্ন
নতুন প্রজন্মের কোমলমতি শিশুদের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী আদর্শ এবং সাহসিকতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বর্ণমালা শিশু কিশোর সংগঠনের উদ্যোগে "শিশুদের নজরুল" শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও শিশুদের প্রতি তাঁর অবদানকে কেন্দ্র করে উর্মী আহমেদের সভাপতিত্বে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন নজরুল গবেষক ও যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ) সাধারণ সম্পাদক দুলাল খান-সহ আরও অনেক অতিথি উপস্থিত থাকেন।
কবি নজরুল কীভাবে শিশুদের মনস্তত্ত্ব বুঝতেন এবং তাঁর লেখায় কীভাবে শিশু-কিশোরদের কল্পনা ও কৌতুহল ফুটিয়ে তুলেছেন, তা নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ এই আয়োজনে বর্ণমালা শিশু কিশোর সংগঠনের শিশু-কিশোর শিল্পীরা কবি নজরুলের রচিত দেশাত্মবোধক গান, নজরুল গীতি এবং শিশুতোষ ছড়া ও কবিতা পরিবেশন করেন।