
(১ দিন আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৫:০৯ অপরাহ্ন
সিনেমার পর্দায় অন্তরঙ্গ দৃশ্য এখন আর তেমন নতুন নয়। কিন্তু ক্যামেরার সামনের সেই দৃশ্য যখন অভিনেত্রীর অনুমতি ছাড়াই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই অভিজ্ঞতা রয়েছে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্টের। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন নিজের বাড়ি থেকে বেরোতে পারেননি এই অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন রাধিকা আপ্টে। সেই সিরিজ়ের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরনো সেই অভিজ্ঞতার কথা জানান তিনি। রাধিকা জানিয়েছেন, দৃশ্যটি ফাঁস হওয়ার পর বিষয়টি তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। এমনকি বাড়ির বাইরে অচেনা কেউ হাজির হয়ে যেতে পারেন, এই আশঙ্কাও তার তৈরি হয়েছিল।
ঘটনার তীব্রতা কতটা ছিল, তা বোঝাতে গিয়ে রাধিকা জানান, তাঁর মেকআপ আর্টিস্টের গাড়িচালকও সেই ক্লিপটি দেখেছিলেন এবং বার বার তাকে জিজ্ঞাসা করছিলেন, ‘‘আপনি ওর বাড়িতে যাচ্ছেন ?’’ এমনকি তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও সেই ভিডিও পৌঁছে গিয়েছিল। ফলে, বিষয়টি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সরাসরি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েছিল।
সেই সময় একটি ফ্ল্যাটে একা থাকতেন রাধিকা। নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত নিজের টিমের সদস্যদের সঙ্গেও খোলাখুলি এটা নিয়ে কথা বলতে হয়েছিল তাকে। তাঁর গাড়িচালক এবং স্পটবয়কে ডেকে পুরো বিষয়টি জানান অভিনেত্রী। তাদের বলেন, যদি তাঁরা সেই দৃশ্য দেখে স্বচ্ছন্দ থাকেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তাঁরা কাজ করেন, অন্যথায় তাদের থাকার প্রয়োজন নেই। তাঁরা দু’জনেই তাকে আশ্বস্ত করেছিলেন, তাঁরা পাশে থাকবেন।
রাধিকা বলেন, ‘‘আমি খুব ভয় পেয়েছিলাম।’’ তাঁর মতে, অন্তরঙ্গ দৃশ্যে শুটিংয়ের ক্ষেত্রে অভিনেতার সম্মতি এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ক্যামেরার সামনে কোনও দৃশ্য করার সিদ্ধান্ত এক জিনিস, আর সেই দৃশ্য অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়ার পর তার তীব্রতা সামলানো সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা।
সেই সাক্ষাৎকারেই নিজের অভিনয় জীবনের আরও একটি কঠিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাধিকা। এক সময় একটি কাজ করার খুব ইচ্ছে থাকলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে সেই কাজ থেকে সরে এসেছিলেন তিনি। কারণ, তাঁর আশঙ্কা ছিল, ওই কাজের জেরে তাঁর পরিবারের উপর প্রভাব পড়তে পারে। নিজের সিদ্ধান্তে পরে ‘লজ্জা’ও হয়েছিল এই অভিনেত্রীর। সেই সময়ে পরিচালক অনুরাগ কাশ্যপও তাকে সেই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন বলে জানান তিনি।
কাজ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্যও গত কয়েক বছরে নতুন ভাবে সামলাতে হয়েছে রাধিকাকে। সন্তান জন্মের পরেও দীর্ঘ বিরতিতে যাননি তিনি। বরং সন্তান জন্মের পর প্রথম কাজের পরিকল্পনার সময়ে সদ্যোজাত সন্তানকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করে নিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।