banglahour

দুর্গম সাজেকে সুপেয় পানি ও সেচ সুবিধায় সোলার প্রকল্পের উদ্বোধন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫৩ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৩ অপরাহ্ন


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের বড় কমল্যাক পাড়ার সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সোলারভিত্তিক গৃহস্থালি পানি সরবরাহ ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সুপেয় পানি ও সেচ সুবিধা প্রকল্পের উদ্বোধন করেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, সদস্য মামুনুর রশীদ মামুন, সদস্য সূপর্না দেব বর্মন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিমসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।


এসময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকাগুলোতে সুপেয় পানি ও কৃষি সেচের টেকসই সমাধান নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বড় কমল্যাক পাড়ার মতো প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দৈনন্দিন পানির সংকট নিরসন এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে সোলার প্রযুক্তি এক যুগান্তকারী ভূমিকা রাখবে।


তিনি আরো বলেন, প্রকৃতিকে রক্ষা করে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা পাহাড়ের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও সুবিধা নিশ্চিত করতে চাই। এ প্রকল্প কেবল গৃহস্থালি পানির চাহিদা মেটাবে না, বরং স্থানীয় কৃষি ও অর্থনীতিকে নতুন গতি দেবে। পার্বত্য অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


প্রকল্পটির ফলে দুর্গম এই পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট দূর হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি উৎপাদনে সেচ সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় এলাকাবাসী।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল