banglahour

রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে: প্রধানমন্ত্রী

বিশ্ব | শাহরিয়ার রহমান | স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১১:১৬ পূর্বাহ্ন

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান।(সংগৃহীত)

 রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এই সংকটের সমাধানও সেখানেই নিহিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এ সমস্যার একমাত্র সমাধান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে এই বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, জনবহুল বাংলাদেশ রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে গুরুত্ব দেয়। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে ভবিষ্যতে সংকটটি আরও বড় মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। 

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংকটের মূল উৎস যেহেতু মিয়ানমারে, তাই সমাধানের পথও মিয়ানমারকেন্দ্রিক হতে হবে। পাশাপাশি প্রত্যাবাসনের উপযোগী নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল