banglahour

আজ প্রচারিত হবে ইত্যাদি, এবারের পর্ব জামালপুরে

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৪:১৭ অপরাহ্ন

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। নব্বই দশকের শুরু থেকেই শিকড়ের সন্ধানে স্টুডিওর চার দেয়াল থেকে বেরিয়ে দেশের নানা প্রান্তে গিয়ে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানটির।

আমাদের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, সমৃদ্ধ পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথা তুলে ধরাই ইত্যাদির মূল লক্ষ্য।

অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ‘লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে’। পার্কের প্রাকৃতিক পরিবেশ, পাহাড় ও সবুজের সমারোহের সাথে চমৎকার সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে মঞ্চ।

ইত্যাদির এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরণের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। অন্যটি গেয়েছেন মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এই গানটির সাথে স্থানীয় বাঙালি ও গারো নৃত্য পরিবেশনা পুরো মঞ্চকে প্রাণবন্ত করে তোলে।

‘ইত্যাদি’র নিয়মিত পর্বগুলোর মতো এবারও থাকছে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। জামালপুরের অর্থনীতি ও সংস্কৃতির অনন্য প্রতীক ‘নকশিকাঁথা’ এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’র ওপর বিশেষ প্রতিবেদনের পাশাপাশি জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদের ওপর একটি তথ্যভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে। দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম জামালপুরের ‘তুলসীপুর ঘোড়ার হাট’-এর ওপর রয়েছে একটি ভিন্নধর্মী প্রতিবেদন।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে স্বাবলম্বী হওয়া জীবনসংগ্রামের গল্প নিয়ে থাকছে এক মানবিক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে চীনের নয়নাভিরাম ‘সুঝৌ’ সিটির ওপর একটি বিশেষ চিত্রায়ন।

অনুষ্ঠানে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। পাশাপাশি ‘চিঠিপত্র’ পর্বের সঙ্গে থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে একাধিক তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা।

ইত্যাদির এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ইত্যাদির এই পর্বটি প্রচারিত হবে আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার, বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল