
(২ ঘন্টা আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৯:৪৭ অপরাহ্ন
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান বাবু মোল্লার উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাগগাড়ী এলাকাবাসীর আয়োজনে উপজেলার বাগগাড়ী নুরজাহান খলিল হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নুরুর আহম্মেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান বাবু মোল্লা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ ইসমাইল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন,বিএনপি নেতা মোঃ আজমল হোসেন চুন্নু, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোঃ বাবু মোল্লা,হাজী জালাল উদ্দিন মোল্লা, মাজবাড়ী সমশের মার্কেট এলাকার তারুণ্যের যুবসমাজ কমিটির সভাপতি রিজভী আহম্মেদ, আলম হোসেন, নুরুল ইসলাম, আবুল বাসার (বাদশা মোল্লা), স্বেচ্ছাসেবক দলের মাজবাড়ী ইউনিয়ন সভাপতি ও সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মোটন, আসাদুর রহমান টুকু মোল্লা, হারেজ আলী খান, মোঃ মুকুল হোসেন, মোঃ সেলিম মন্ডল, ডা. শামীম আহমেদ, মোঃ চাঁদ আলী মোল্লা, মোঃ খোকন শেখসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় ও তাদের প্রত্যাশা-সমস্যা জানতেই এ ধরনের উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। তারা বলেন, ইউনিয়নের উন্নয়নে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় থাকা জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজন রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান বাবু মোল্লা বলেন, তিনি নির্বাচিত হলে মাজবাড়ী ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবেন। শীতার্ত মানুষের মধ্যে গরম কাপড় বিতরণ, অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রামে খেলাধুলার পরিবেশ সৃষ্টি, যুবসমাজকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। মাজবাড়ী ইউনিয়নকে মাদকমুক্ত ও একটি উন্নত, শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী ও উপস্থিত নেতাকর্মীরা এসব বিষয়ে কাজ করার আশ্বাস দেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।