banglahour

উপকূলের মানুষ নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৬:১৭ অপরাহ্ন

"উপকূলবর্তী মোংলা এলাকার মানুষ নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আরও এগিয়ে নিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। এখানে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা, কলম, পানির বোতল ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে এই সামান্য সহায়তায় তারা লেখাপড়ায় আরও এগিয়ে যেতে পারে। উপকূলবর্তী এলাকার এই মানুষদের সার্বিক সহায়তায় সরকারি ও বেসরকারি দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার জোর আহ্বান জানাচ্ছি।"

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলার চালনা বন্দর ফাজিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বাঙ্গালী ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে চালনা বন্দর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা রুহুল আমিন,অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম,  নাসির উদ্দিন মানিক, আলী হোসেন, আনিসুর রহমান, মনসুর হোসেনসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন অনুষ্ঠানে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৫০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, রং পেন্সিল বক্স, রুলার, পেন্সিল, জ্যামিতি বক্স ও কলম।

শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং তাদের অভিভাবকেরা সামাজিক সংগঠনটির এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল