banglahour

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৮ ঘন্টা আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৩৩ অপরাহ্ন

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমাটি। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচন করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়ে। সেগুলো হচ্ছে : নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনা করা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয় ‘রইদ’।

বাংলাদেশের হয়ে অস্কারের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। আজ দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনুভূতিটা খুবই আনন্দের। কারণ, এটা আমাদের গল্প, আমাদের এই অঞ্চলের গল্প। আমাদের এখানকার সংস্কৃতি ও চিন্তার ভেতর দিয়ে গল্পটা এগিয়েছে। সিনেমা শুধু বাণিজ্যিক দিক থেকে দেখার বিষয় নয়, এর একাডেমিক ও নান্দনিক দিকও আছে। “রইদ”-এর মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি।’

রইদ সিনেমার মূল কাহিনী আবর্তিত হয়েছে সাদু নামের এক গ্রামীণ ব্যক্তিকে এবং তার মানসিক সমস্যায় ভোগা স্ত্রীকে ঘিরে। এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

সাধু ও তার স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, সমাজের দৃষ্টিভঙ্গি এবং মানুষের ভেতরের অবদমিত কামনা-বাসনা ও বিষাদের গল্প ফুটিয়ে তোলা হয়েছে এখানে। যেখানে স্ত্রীর মানসিক অসুস্থতা এবং সাধুর মানসিক টানাপোড়েন পুরো আখ্যানকে এক রহস্যময় ও মনস্তাত্ত্বিক স্তরে নিয়ে যায়।

সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে 'রইদ' নির্মিত হয়েছে।

অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্যের আলোচনার ভিত্তিতে সিনেমাটি নির্বাচন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল