banglahour

রাঙ্গামাটিতে পাহাড়ে কৃষি উন্নয়ন ও অর্থনীতিতে গতি আনতে সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৬:৫০ অপরাহ্ন


রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি অর্থনীতিকে বহুমুখীকরণের লক্ষ্যে কৃষক, উদ্যোক্তা, খামারি, সমবায়ী ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করে রাঙ্গামাটিতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বোর্ডের কর্ণফুলী কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  উপ-পরিচালক ও স্কিম পরিচালক মংছেনলাইন রাখাইনের সভাপতিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা সাগর পালের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ আহাম্মদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-অর্থ (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ সচিব) জাহিদ ইকবাল প্রমুখ। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ- পরিচালক মো: আহসানুল হক চৌধুরী, এমসিআইপিএস।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা বলেন, "পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ প্রকৃতি ও মাটির সক্ষমতাকে কাজে লাগিয়ে কৃষি অর্থনীতিতে নতুন গতি আনা সম্ভব। এতদিন প্রচলিত কৃষির ওপর নির্ভরতা থাকলেও এখন সময় এসেছে আধুনিক কৃষি প্রযুক্তি, নতুন ফসল উৎপাদন এবং উচ্চমূল্যের কৃষিপণ্য আবাদের দিকে নজর দেয়ার।"


তিনি আরও বলেন, "কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সে জন্য উৎপাদক ও বাজার ব্যবস্থাপনার মধ্যে একটি কার্যকর ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। স্থানীয় কৃষকদের সময়োপযোগী প্রশিক্ষণ, পর্যাপ্ত মূলধন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রাম দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।"


সেমিনারে বক্তারা বলেন, কৃষি উৎপাদনের ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অনেক সম্ভাবনাময়ী একটি অঞ্চল। সরকার এই অঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। সরকারী নির্দেশনা মোতাবেক আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাহাড়ে কৃষি উৎপাদন বাড়াতে সকলকে স্ব-স্ব অবস্থানে থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
সেমিনারে বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, কৃষি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কৃষক, উদ্যোক্তা, খামারী, সমবায়ীসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল