banglahour

প্রধানমন্ত্রী ঘোষিত মিতিঙ্গাছড়িকে এসডিজি ভিলেজ হিসেবে গড়তে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে-জেলা প্রশাসক নাজমা আশরাফী

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৪:৪৯ অপরাহ্ন


রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত মিতিঙ্গাছড়িকে এসডিজি ভিলেজ হিসেবে গড়তে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে মহৎ উদ্দেশ্যে মিতিঙ্গাছড়িকে  এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করেছেন, তা বাস্তবায়নে সরকারি সব দপ্তরসহ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। 


কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এসডিজি গ্রামে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এসব কথা বলেন। কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি এসডিজি গ্রামে ‘এসডিজি স্থানীয়করণে অংশীজনদের ভূমিকা’ শীর্ষক  সভায়  সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের  উপ-পরিচালক ও  এসডিজির জেলা কমিটির সদস্য সচিব মো. ফরিদুল আলম, জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন প্রমুখ। এছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি ও মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দারা সভায় অংশ নেন।


রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী আরো বলেন, গ্রামের মানুষের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, বেকারত্ব দূর করতে হবে এবং ঋণ সহায়তার মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করে তুলতে হবে। শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে হবে। মিতিঙ্গাছড়িতে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো শীঘ্রই  করা হবে। 


মতবিনিময় সভায় গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল মান্নান, ইসরাত জাহান পারুল, শিক্ষার্থী ফারহানা আক্তার ও বেকার যুবক মো. ইব্রাহীম স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মোবাইল নেটওয়ার্ক, সুপেয় পানির সংকট নিরসন, দারিদ্র্য বিমোচন, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের ব্যবস্থা, গ্যাস-সংকট সমাধান, শিল্পকারখানা স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।


গ্রামবাসীর উত্থাপিত সমস্যার পরিপ্রেক্ষিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে বক্তব্য দেন। সভায় মিতিঙ্গাছড়ি গ্রামের এসডিজি সূচকগুলোর বর্তমান অবস্থা, স্থানীয় মানুষের চাহিদা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি দপ্তর, এনজিও, আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামের উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং এসডিজির লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভার  আগে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এসডিজিবিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।


উল্লেখ্য, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে উন্নয়নের মডেল হিসেবে গত ১০ আগস্ট দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়। এসব গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল