banglahour

ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২:৩৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এক মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক অংশ নিয়েছেন।


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, প্রশিক্ষণে বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত ও নিরসন এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নিরাপদে স্থাপনসহ নানা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দুইজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।


প্রশিক্ষণ শুরুর সময় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার যুবকদের কারিগরি দক্ষতায় দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি তাদের চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও এ ধরনের প্রশিক্ষণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজিবি আশা করছে, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকেরা দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। একই সঙ্গে এ উদ্যোগ সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল