
(২ দিন আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২:৩৬ অপরাহ্ন
ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। আজ এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকগুলোকে মাত্র আধা ঘণ্টার মধ্যে এ তথ্য জমা দিতে বলা হয়েছে।
বিএফআইইউর ওই চিঠিতে জরুরি ভিত্তিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম এবং লেনদেনের বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কী কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে, তা জানা যায়নি। বিএফআইইউর এক কর্মকর্তা জানান, দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার জন্য এ ধরনের তথ্য চাওয়া নিয়মিত কাজের অংশ। এর মানে এই নয় যে ওই ব্যক্তি কোনো অপরাধ করেছেন।
গত শনিবার গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের লোকজন তার স্টুডিওতে হামলায় জড়িত। এর পেছনে চাঁদাবাজির সংশ্লিষ্টতা রয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।
তবে পুলিশ এসব অভিযোগ নাকচ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মাহিদুল ইসলাম জানান, মূলত জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।
পরবর্তীতে সালমান মুক্তাদির নিজেও স্বীকার করেন সরাসরি কেউ তার কাছে কেউ টাকা দাবি করেনি।
এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।