
(২ ঘন্টা আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৩ অপরাহ্ন
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘সরকারি ক্রয় সংক্রান্ত কাজে ইজিপি’র ব্যবহার’ বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
ইজিপি’র ব্যবহার সংক্রান্ত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোঃ সাঈদ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী প্রশিক্ষণের শুরুতেই প্রধান অতিথির বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি বলেন, ইতোমধ্যেই আমাদের প্রকৌশল দপ্তর, পরিকল্পনা দপ্তর ও প্রকিউরমেন্ট দপ্তর ই-জিপি’র মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া চালু করেছে। এ বিষয়ে আরো দক্ষতা ও জ্ঞান অর্জনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা রাখবে। আমাদের সকলকে ক্রয় প্রক্রিয়া সংক্রান্ত আইন ও বিধিমালা জানতে হবে এবং সকলকে সচেতন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরকে এ বিষয়ে স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে এবং বিশ্ববিদ্যালয়কে আরো গতিশীল করে তুলতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রশিক্ষণের রিসোর্স পার্সনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, টেন্ডার প্রক্রিয়াকে সক্রিয় ও স্বচ্ছ করার লক্ষ্যে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেরকে এ বিষয়ে দক্ষ করতে আজকের এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ডিজিটাল যুগের এ সময়ে আমাদের সবার ডিজিটাল ওরিয়েন্টেশন থাকা দরকার; আমরা ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়কে আরোও গতিশীল করার জন্য এরুপ প্রশিক্ষণের ব্যবস্থা অব্যাহত রাখবো। আমরা ইতোমধ্যেই ডি-নথি ও ই-জিপি শুরু করেছি এবং সকল ক্ষেত্রে কাগজবিহীন কর্মব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে কাজ করবো এবং দেশকে ও সরকারের উন্নয়ন পরিকল্পনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবো এমন আশাবাদ ব্যক্ত করেন।
রিসোর্স পার্সন তাঁর প্রেজেন্টেশনে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) সর্ম্পকে আলোচনা করেন। এছাড়া ই-জিপিতে আইডি ব্যবহার করা, অনলাইন টেন্ডারের জন্য প্রকল্পের নাম তৈরি করা, অফলাইন টেন্ডার বা সনাতন পদ্ধতির দরপত্র এর তাত্ত্বিক, প্রায়োগিক ও ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ইজিপি’র পোর্টালে টেন্ডার প্রক্রিয়া উপস্থাপন করেন। সেই সাথে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর আলোকে টেন্ডার সংক্রান্ত পদ্ধতি প্রক্রিয়া ও আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ এবং আইকিউএসি (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা উপস্থিত ছিলেন।