
(৬ ঘন্টা আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৯ অপরাহ্ন
কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। একইসঙ্গে হাটহাজারীর আপামর জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উপজেলার কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এ কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার ১,২০০ জন কৃষক-কিষাণীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ কৃষক কার্ড বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একইরসাথে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে পুরোহিত ভিক্ষুদের সম্মানী প্রদান কার্যক্রমও উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কার্যক্রম ভার্চুয়ালি যুক্ত করা হয়। এর মাধ্যমে নির্বাচিত কৃষক ও উপকারভোগীদের মঝে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।
হাটহাজারীতে উপস্থিত কৃষক-জনতার উদ্দেশ্যে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবে রূপ দিয়ে দেখান। এটাই তারেক রহমান সরকারের প্রকৃত পরিচয় ও মূল শক্তি। চট্টগ্রামের এই হাটহাজারী উপজেলায় বিগত মাত্র ৭ মাসে যে অভূতপূর্ব উন্নয়ন সূচিত হয়েছে, তা গত ১৭ বছরেও সম্ভব হয়নি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, হাটহাজারী ও বায়েজিদসহ চট্টগ্রাম-৫ আসন তথা সমগ্র চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী জেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের কাছে হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণের সার্বিক পরিস্থিতি জানতে চান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক প্রীতি মনোভাব ও প্রান্তিক কৃষকদের কল্যাণে গৃহীত উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রেরিত বিশেষ সহায়তার অংশ হিসেবে আজ প্রায় ১২ শত কৃষক-কিষাণী ‘কৃষক কার্ড’ গ্রহণ করেছেন। আপনার এ যুগান্তকারী উপহারে চট্টগ্রামের কৃষকরা আজ অত্যন্ত আনন্দিত ও উচ্ছাসিত। হাটহাজারীর সর্বস্তরের জনগণ অতীতে যেমন আপনার পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আজীবন আপনার পাশে থাকবে।
সরকারের দেশপ্রেম ও কৃষিবান্ধব নীতির কথা তুলে ধরে পার্বত্য প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে একটি শক্তিশালী, সার্বভৌম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনের সর্বস্তরের কর্মচারীদের তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার জোর আহ্বান জানান।
হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত এ আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. আল ফোরকান, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক আপ্রু মারমা এবং হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।