banglahour

ভৈরবে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ মাস আগে) ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৪:০৮ অপরাহ্ন

 

​​ভৈরবে ৭ তলা নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরো ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
​শুক্রবার (২ অক্টোবর) সকালে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত শান্ত মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এছাড়া আহতরা হলেন- একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোবেল মিয়া (৩৫) এবং আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০)।

​স্থানীয় সূত্রে জানা যায়, গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টু নামের এক ব্যক্তির ৭তলা ভবন নির্মাণের জন্য গত প্রায় বিশ দিন ধরে পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে পাইলিংয়ের জন্য প্রায় ৭০ ফুট লম্বা একটি লোহার খাঁচা গর্তে নামানোর কাজ চলছিল। এ সময় ক্রেনের হুক হঠাৎ ছিঁড়ে গিয়ে লম্বা খাঁচাটি পার্শ্ববর্তী একটি উচ্চ ভোল্টেজের (এসটি লাইন) বৈদ্যুতিক ক্যাবলে গিয়ে পড়ে। এতে পুরো খাঁচাটি বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিক গুরুতর আহত হন।
​পরে ভবনের মালিকপক্ষ ও অন্যান্য শ্রমিকরা স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।

​প্রত্যক্ষদর্শী হাসান মিয়া জানান, সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তিনি পাইলিংয়ের কাজ দেখতে দাঁড়ান। ক্রেন ও শ্রমিকদের সহযোগিতায় লম্বা লোহার খাঁচাটি গর্তে নামানোর সময় সেটি পাশে থাকা বিদ্যুতের লাইনে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিক আহত হন।

​ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, শ্রমিকরা কাজ করার সময় ক্রেনের হুক ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। পর্যাপ্ত সতর্কতা মেনেই কাজ চলছিল। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

​এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শান্ত মিয়া নামের এক শ্রমিক মারা গেছেন। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত অপর দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল