banglahour

বরিশালে বিনামূল্যে ঠোঁট-তালু কাটা রোগীদের অস্ত্রোপচার

সারাদেশ | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ৭:০৩ পূর্বাহ্ন

ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের মুখে হাসি ফেরাতে বরিশালে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেইন। ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশালে স্মাইল ট্রেইন ক্লেফ্ট কেয়ার প্রজেক্টের আওতায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের জন্মগত সমস্যা। এ কারণে শিশুদের খাবার গ্রহণ, কথা বলা এবং মুখের স্বাভাবিক গঠনে সমস্যা হতে পারে। তবে যথাসময়ে চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে এ সমস্যা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্মাইল ট্রেইন ক্লেফ্ট কেয়ার প্রজেক্টের পরিচালক ও প্রধান সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন বিএমইউর সাবেক অধ্যাপক ও ইউনিট প্রধান, প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী। অস্ত্রোপচার কার্যক্রমে তার সঙ্গে ছিলেন ডা. ওবায়দুল ইসলাম সবুজ ও ডা. মনসুর আলম চৌধুরী।

রোগীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী বলেন, ঠোঁট কাটা বা তালু কাটা কোনো অভিশাপের ফল নয়। সঠিক সময়ে চিকিৎসা করালে এ সমস্যা সম্পূর্ণ ভালো করা সম্ভব।

তিনি বলেন, অর্থনৈতিক কারণে যেন কোনো শিশু চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটিই এ কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য। প্রতি মাসে একবার এ ধরনের চিকিৎসা কার্যক্রম চালু রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রকল্প সমন্বয়কারী মো. শাফায়াত খান জানান, বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে শিশুদের স্বাভাবিক জীবনযাপন ও আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রমের আওতায় প্রতি মাসে প্রায় ৫০ জন রোগীর অস্ত্রোপচার করা হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য বিনামূল্যের এ চিকিৎসা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল