banglahour

চোখের চিকিৎসায় কলাপাড়ায় মানবিক উদ্যোগ, সেবা নিলেন কয়েকশো মানুষ

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(১৩ ঘন্টা আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ৪:২২ অপরাহ্ন


পটুয়াখালীর কলাপাড়ায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোখের চিকিৎসা নিতে কয়েকশো নারী-পুরুষ উপস্থিত হন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফোরকানুল ইসলাম। পরে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ রুমি।

উদ্বোধনী বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে আগামী ছয় মাসের মধ্যে ১৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়িত হলে হাসপাতালটিতে চক্ষু বিভাগসহ আরও কয়েকটি নতুন বিভাগ যুক্ত হবে। এতে কলাপাড়ার সাধারণ মানুষ নিজ এলাকায় আরও উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ অনেক সময় অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। বিনামূল্যে চক্ষু চিকিৎসার মতো মানবিক উদ্যোগ গ্রহণ করায় তিনি কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদারকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি মোস্তাকুর রহমান পিনু, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুসহ কলাপাড়া উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা কয়েকশো নারী-পুরুষের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর বাছাই করা ছানি রোগীদের পরবর্তী চিকিৎসার জন্য পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হবে। সেখানে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পাশাপাশি ক্যাম্পে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা একাধিক অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা জানান, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে তারা চোখের সমস্যায় ভুগছিলেন। বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। এমন উদ্যোগের জন্য তারা হাজী আবুল হাসনাত রিমন সিকদারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষার পর যাদের ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে,তাদের শনাক্ত করে হয়েছে এবং প্রায় ৫০ জন রোগীকে পর্যায়ক্রমে পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল