
(১৪ ঘন্টা আগে) ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ৭:২৩ অপরাহ্ন
রাঙ্গামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু।
জেলা পরিষদের আয়োজনে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত মত বিনিময়সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য এড. মামুনুর রশীদ মামুন, তফাজ্জল হোসেন, বিটু চাকমা, শ্বাসত চাকমা রিংকু, সুপর্ণ দেব বর্মণ, ত্রিমতি খেয়াং, প্রেমা তালুকদার, উথাই মং মারমা, পাইসিং মং মারমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ প্রমুখ।
মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বলেন, "পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে আমরা নবগঠিত জেলা পরিষদ নব উদ্যোমে কাজ করতে চাই।
তিনি বলেন, আমরা চাই বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদের মাধ্যমে রাঙ্গামাটির সম্ভাবনা ও সমস্যাগুলো সঠিকভাবে ফুটে উঠুক, যা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।" এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং সংস্কৃতির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বর্তমান পরিষদ কাজ করছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা সৃষ্টিতে সংবাদকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সাংবাদিক নেতারা পাহাড়ে যেকোনো ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রমে গণমাধ্যমের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।