
(৯ ঘন্টা আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৮:০১ অপরাহ্ন
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষ, বাসমতি চাল, ফল, কসমেটিকস, চকলেটসহ ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় গরু, মহিষ, ফুচকা, ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরাসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।