banglahour

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৬:০৬ অপরাহ্ন


বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্র ও বৈষম্যমুক্ত সুসমবন্টনের ভিত্তিতে মিলেমিশে বসবাস করতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
বুধবার (৭ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী সাচিং প্রু জেরী’র সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে-এর নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।


সৌজন্য সাক্ষাৎকালে  পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফ্রান্স সরকারের বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ রক্ষা, কৃষি, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষ নিরন্তর কাজ করে যাচ্ছে।
পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কথা উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করছে। সেখানে মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি এবং সামগ্রিক জীবনযাত্রার উন্নয়নে একাধিক প্রকল্প চলমান রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে কফি ও কাজু বাদাম চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


বৈঠকে পাহাড়ে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সুষম উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ এবং মানবাধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশ ও ফ্রান্স সরকার আরও ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করে।
দ্বিপাক্ষিক এ আলোচনাকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাটাচে এমিলি পালাহুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল