banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৮ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৮:৪৩ অপরাহ্ন

 

 


চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিজস্ব অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে সদর হাসপাতালে আয়োজিত কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু থেকে রক্ষা পেতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জেলা সদর হাসপাতালে চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, কিছুদিন আগে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সময় তিনি ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ হাসপাতালের বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে।

তিনি জানান, এসব কিট দিয়ে আগামী তিন থেকে চার মাসের ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল