
(২ সপ্তাহ আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২:৪৭ অপরাহ্ন
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে উত্তরা কোল্ড স্টোরেজের অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পাহাড়পুরের চাঁপাডাল এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় তারা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে কৃষক ও ব্যবসায়ীদের সংরক্ষণ খরচ বেড়ে যাচ্ছে। তারা সরকারি নির্ধারিত ভাড়ায় আলু সংরক্ষণ এবং কোল্ড স্টোরেজের অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
এর আগে গতকাল বুধবার একই অভিযোগে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির নেতৃত্বে উত্তরা কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে সরকারি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো টাকা কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে আদায় না করতে সতর্ক করা হয়।
কৃষক ও ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।