
(১৪ ঘন্টা আগে) ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২:২৩ অপরাহ্ন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরনকারীরা হলো ময়মনসিংহের ফুলবাড়িয়ার হারিছা বেগম (৬৫), নান্দাইলের মিনহাজ (১৮) ও টাঙ্গাইলের ধনবাড়ির নরিল্লা গ্রামের মরিয়ম (৪৫)। এ নিয়ে ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫১ জন ভর্তিসহ চিকিৎসাধীন রয়েছে ১২৭ জন।
আজ (শুক্রবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ৭ অক্টোবর বিকেলে ময়মনসিংহের নান্দাইল থেকে ফরিদ মিয়ার ছেলে মিনহাজের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় ভর্তি হয় গতকাল বিকেলে তার মৃত্যু হয়। গতরাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া ইদ্রিস আলীর স্ত্রী হারিছা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হলে সকালে তার মৃত্যু হয়। অন্যদিকে গতকাল দুপুরে টাঙ্গাইল ধনবাড়ীর নরিল্লা গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম ডেঙ্গু জ্বর নিয়ে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছে হৃদরোগ, ডায়াবেটিস ও তীব্র ডেঙ্গু জ্বরের কারনে তাদের মৃত্যু হয়েছে।
এ বছর ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩ হাজার ৫১২ জন, যার মধ্যে পৃথক পৃথক সময়ে মৃত্যুবরন করে ২৯ জন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ৮৮ পুরুষ, ২৮ নারী ও ১১ শিশু চিকিৎসা নিচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, সব রোগীদের সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবেলায় সবাইকেই সচেতন থাকতে হবে।