
(১ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৭:৩৯ পূর্বাহ্ন
রাজবাড়ীর পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো অবিস্ফোরিত ছিল।
উদ্ধার করা ককটেলগুলো দিয়ে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআরবি জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুদ, পরিবহন এবং ব্যবহার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।