banglahour

শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ পাহাড় ও সমতলের সকল জনগোষ্ঠীকে এক সুতোয় বেঁধেছে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৫:১৮ অপরাহ্ন


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।


শনিবার (১০ অক্টোবর) ঢাকার বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।


পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, "পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল-বাংলাদেশের যে প্রান্তেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করুক না কেন, তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সুরক্ষা, আধুনিক শিক্ষার সুযোগ বিস্তার এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণ আন্তরিক।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সরকার পরিচালনায় ‘রেইনবো নেশন’-এর মূল ভাবনা ধারণ করে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।" একই সাথে তিনি পাহাড় ও সমতলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং আর্থ-সামাজিক উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


মতবিনিময় সভায় সমতলের নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সার্বিক জীবনযাত্রা, শিক্ষার সুযোগ, সংস্কৃতি সংরক্ষণ ও ভূ-সম্পত্তি সংক্রান্ত নানাবিধ জটিলতার বিষয় তুলে ধরেন। মন্ত্রী তাদের প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, "আজকের এই সভা কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রেইনবো নেশন’ বাস্তবায়নেরই একটি বাস্তব প্রতিচ্ছবি। প্রতিনিধিদলের পেশ করা যৌক্তিক দাবি ও প্রস্তাবনাগুলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাধ্যমে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।"


বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃ-গোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক শিশির দিওসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভায় সরকারের সাথে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর এই আনুষ্ঠানিক আলোচনার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশ্বস্ত করা হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল