banglahour

কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্প সচল করতে যৌথ বিনিয়োগের পরিকল্পনা সরকারের-বিসিআইসি চেয়ারম্যান

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৫:২০ অপরাহ্ন


রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত ঐতিহাসিক কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)-সহ দেশের সব রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে পুনরায় সচল ও লাভজনক করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। কারখানাগুলো পুনরায় উৎপাদনে ফেরাতে বিদেশি বিনিয়োগ, বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন), সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতি অনুসরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে কেপিএমের গেস্ট হাউসে কারখানার বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।


বিসিআইসি চেয়ারম্যান বলেন, “কেপিএম একসময় অত্যন্ত সুনামধন্য ও লাভজনক প্রতিষ্ঠান ছিল। কারখানাটিকে পুনরায় পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু কেপিএম নয়, দেশের সমস্ত রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে সচল ও লাভজনক করার লক্ষ্যে সরকার সক্রিয়ভাবে কাজ শুরু করেছে।”
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কারখানার সার্বিক বর্তমান পরিস্থিতি, উৎপাদন সংকট এবং তা ওভারহোলিং করে সচল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন প্রধান মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মুজিবুর রহমান, কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল এবং কেপিএম সিবিএর সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এর আগে বিসিআইসি চেয়ারম্যান কেপিএম গেস্ট হাউসে পৌঁছালে তাঁকে কারখানার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 'গার্ড অব অনার' প্রদান করা হয়। পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান ও সিবিএ নেতারা তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় তিনি গেস্ট হাউস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
সভা শেষে বিকেল তিনটার দিকে চেয়ারম্যান কেপিএমের মূল কারখানা প্রাঙ্গণ ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সার্বিক অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল