banglahour

সিলেটে উদ্ধারকৃত ৬০টি মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ দিন আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩২ পূর্বাহ্ন

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায় উদ্ধার হওয়া ৬০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং নগদ ৩০,৯০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শিদ শামীম, বিপিএম উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও নগদ অর্থ মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মহানগর এলাকার বিভিন্ন থানায় নাগরিকদের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি-সাইবার ক্রাইম ইউনিট নিরলস কাজ করে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করে। পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং উদ্ধার টিমের আন্তরিক প্রচেষ্টায় মহানগরের ৬টি থানা থেকে প্রাপ্ত সর্বমোট ৫৫০টি জিডি পর্যালোচনা করে সম্প্রতি ৬০টি মোবাইল ফোন এবং ৩০,৯০০ টাকা উদ্ধার করা সম্ভব হয়।

উল্লেখ্য, মোবাইল ফোন উদ্ধার টিম গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বমোট ৩৮৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে মালিকেরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যবহৃত বা পুরাতন ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, পুরাতন মোবাইল বা যেকোনো ডিভাইস ক্রয়ের সময় বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করে নেওয়া উচিত। এছাড়া রসিদ/মেমো সংরক্ষণ করা এবং ডিভাইসের বাক্সে উল্লিখিত IMEI নম্বরের সাথে সেটের IMEI নম্বর মিলিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে রাস্তাঘাটে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে অস্বাভাবিক কম মূল্যে যেকোনো ডিভাইস কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে, কারণ সেগুলো চোরাই বা কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার আশঙ্কা থাকতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল