banglahour

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী গয়েশপুর গ্রাম থেকে ৪টি অবৈধ স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:৩৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে ৪টি অবৈধ স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক সেলিম হোসেন একই উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ার বাবর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে স্বর্ণ বহন কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইকও জব্দ করা হয়েছে।


মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সোমবার (১২ অক্টোবর) বেলা ২টা ৪৭ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল, সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করে।  আটকের পর তার ভ্যানের সামনে লাগানো সাদা রঙের একটি ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫৪৭ দশমিক ৫১ গ্রাম। যার তালিকা মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।


উদ্ধার করা স্বর্ণ, ব্যাটারিচালিত ভ্যান ও ছোট মাইকসহ জব্দ করা মালামালের সর্বমোট তালিকা মূল্য ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।


জব্দ করা মালামালসহ আটক সেলিম হোসেনকে জীবননগর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা দেয়া হবে বলে তিনি জানান।
              

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল