banglahour

রাজবাড়ীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ ঝুটবোঝাই ট্রাক

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:৩৯ পূর্বাহ্ন


রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ঝুটবোঝাই টাটা কার্গো ট্রাক, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।


সোমবার (১২ অক্টোবর) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের উদ্দেশে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
পরে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি ঝুটবোঝাই টাটা কার্গো ট্রাক থামিয়ে চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে শুয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাঁরা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তিনজনকে আটক করেন।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), একই থানার দিঘীরপাড় এলাকার মৃত কওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার মো. আরিফ হোসেন (৩২)।


পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকের পেছনের বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৩ কেজি এবং অবৈধ বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১২ টনের একটি টাটা কার্গো ট্রাক, দুটি স্মার্টফোন—রেডমি-১২-৫জি ও টেকনো কেএম৫ এবং একটি উইনস্টার ডব্লিউ৫০০এমআইডি বাটন ফোন জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৯(গ)/১০(গ) অনুযায়ী রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল