
(২ ঘন্টা আগে) ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২:৩২ অপরাহ্ন
পর্যটন নগরী রাঙ্গামাটিতে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ফিশারী বাঁধের নবনির্মিত 'লেক ভিউ গার্ডেন'-এ একটি পুলিশ বক্স হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে নির্মিত এই পুলিশ বক্সটি আনুষ্ঠানিকভাবে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের কাছে হস্তান্তর করে সওজ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, নৈসর্গিক রূপের কন্যা রাঙ্গামাটিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ কাপ্তাই হ্রদ ও এর আশপাশের রূপ উপভোগ করতে ছুটে আসেন। পর্যটকদের এই বিচরণকে আরও নির্বিঘ্ন ও নিরাপদ করতে লেক ভিউ গার্ডেন প্রাঙ্গণে এই পুলিশ বক্সটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা প্রদান এবং পর্যটন এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা সম্ভব হবে।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকলেসুর রহমান এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াসসহ সওজের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পুলিশ বক্সের আনুষ্ঠানিক হস্তান্তর ও উদ্বোধন শেষে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব 'আরএইচডি লেক ভিউ গার্ডেন' প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।