
(৩ ঘন্টা আগে) ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ১:২৫ অপরাহ্ন
চিত্রনায়িকা মৌসুমীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তার ছেলে ফারদিন এহসান স্বাধীন।
এই সময়ের মধ্যে অনলাইন থেকে মিথ্যা কনটেন্ট ও ভিডিও ডিলিট না করলে আইনি ব্যবস্থা এবং মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি ফেসবুকের কিছু পেজে দাবি করা হয়, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে তার মা অভিনেত্রী মৌসুমীকে বের করে দিয়েছেন।
এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা ওমর সানী। তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তাছাড়া যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তিই নেই, তাই বাড়ি থেকে বের করে দেওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বাবার প্রতিবাদের পরও অপপ্রচার বন্ধ না হওয়ায় ফারদিন তার ফেসবুক পেজে দুটি বিতর্কিত পেজের স্ক্রিনশট শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন— "আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে... এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।"
নির্দিষ্ট সময়ের মধ্যে পেজগুলো থেকে বিভ্রান্তিকর তথ্য না সরালে ফারদিন আইনি নোটিশ ও মামলার দিকে এগোবেন বলে জানিয়েছেন।